নোয়াখালীতে ছাত্রদলের নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল হুদাকে (২৫) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ২ নম্বর চরবাটা ইউনিয়নের তোতারবাজারে এ ঘটনা ঘটে। আহত নুরুল হুদাকে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করায় ক্ষমতাসীন দলের লোকজন এ হামলা চালিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চরবাটা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সঙ্গে গতকাল বিকেলে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু একাধিকবার ফোন করার পরও তিনি ফোন ধরেননি।
উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নুরুল হুদা তোতারবাজারের একটি চায়ের দোকানে বসা ছিলেন। ২০-২৫ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে তাঁকে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়।
সুবর্ণচরের চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, শুধু ছাত্রদলের নেতার ওপর হামলা নয়, সেখানে দুই পক্ষে মারামারি হয়েছে এবং এতে দুই পক্ষের দুজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।