নোয়াখালীতে ছয় সন্ত্রাসী গ্রেপ্তার, তিনজন গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চল ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের সন্ত্রাসী জিসান বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ ও চাটখিল থানার পুলিশ। তাঁদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে তাঁদের উভয় উপজেলার পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গুলিবিদ্ধ তিনজন হলেন লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মো. রুবেল (২২), একই ইউনিয়নের দক্ষিণ লতিফপুর গ্রামের জসিম উদ্দিন ওরফে রুবেল (২৩) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের গোবিন্দরখিল গ্রামের শাহাব উদ্দিন (৩২)।
এ ছাড়া গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের খোরশেদ আলম (২৮), আইয়ুবপুর গ্রামের আলমগীর হোসেন (৩০) ও আবদুর রহমান (৩২)। এঁদের কাছ থেকে একটি এলজি উদ্ধার ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে বেগমগঞ্জ থানা সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চলের মোস্তফার দোকান এলাকায় চন্দ্রগঞ্জ ফাঁড়ির পুলিশের সঙ্গে সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। একপর্যায়ে জিসান বাহিনীর সদস্যরা পুলিশের তাড়া খেয়ে নোয়াখালীর বেগমগঞ্জ ও চাটখিলের দিকে পালিয়ে আসেন। এরপর চাটখিলে দুজন এবং বেগমগঞ্জে চারজন পুলিশের হাতে ধরা পড়েন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম উদ্দিন জানান, সন্ত্রাসী জিসান বাহিনীর দুই সদস্য গুলিবিদ্ধ অবস্থায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল নামের দুই সন্ত্রাসীকে আটক করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি পাহারায় তাঁদের নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুরের দিক থেকে একটি অ্যাম্বুলেন্স নোয়াখালীর দিকে আসার পথে বেগমগঞ্জ থানার সামনে তল্লাশি করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা জিসান বাহিনীর সদস্য খোরশেদ, আলমগীর, আবদুর রহমান ও গুলিবিদ্ধ শাহাব উদ্দিনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় গতকাল শুক্রবার অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এরপর তাঁদের (গুলিবিদ্ধরা ছাড়া) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।