নোয়াখালীতে ডাকাতের হামলায় আহত ৫
ডাকাতের হামলায় নোয়াখালীতে তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গ্রামের দারোগা বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতেরা চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় ডাকাতের ছোড়া শটগানের গুলিতে আহত হন এক নারী।
পরে ডাকাতেরা সোনার গয়না, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শাহানারা আক্তার (৪৫), তাঁর ছেলে মো. শুভ (২২) ও শাহানারার মেয়ের জামাই আমির ফয়সাল (৩৪)। তাঁদের নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমির ফয়সাল প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় তিনি বাধা দিলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাতেরা তাঁর স্ত্রী, শাশুড়ি, শ্যালক, শ্যালকের স্ত্রীকে মারধর করে অস্ত্রের মুখে একটি কক্ষে বেঁধে রাখে। এ সময় তাঁর শাশুড়ি প্রতিবাদ করলে ডাকাতেরা গুলি ছোড়ে। গুলিটি শাশুড়ির বাঁ হাতে বিদ্ধ হয়। পরে ডাকাতেরা ঘরের আলমারি ও লকারের তালা ভেঙে ১৫ ভরি সোনার গয়না, নগদ প্রায় ৭০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
জানতে চাইলে সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।