নোয়াখালীতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলার তিন বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় দুজন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে ২৫-৩০ জন সশস্ত্র ডাকাত সেনবাগ পৌরসভার কাদরা এলাকার আবু তাহের ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা পাকা ভবনের লোহার গেট কেটে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।

আবু তাহের ভূঁইয়ার মেয়ে আমেনা বেগম বলেন, ডাকাতেরা ৩৫ হাজার টাকা, প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিলে ডাকাতেরা তাঁর ফুফা নুরুল ইসলাম (৬০) ও ফুফু নাজমুন নাহারকে (৫১) ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, রোববার দিবাগত রাত তিনটার দিকে ১০-১২ জন মুখোশধারী ডাকাত সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সালাউদ্দিনের নতুন বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ২৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে
নিয়ে যায়। এ ছাড়া রাত সাড়ে তিনটার দিকে একই গ্রামের সেলিমের নতুন বাড়িতেও ডাকাতি হয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ডাকাতি নয়, ওই দুটি বাড়িতে চুরি হয়েছে।