নোয়াখালীতে তিন ভাইকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছিল প্রীতি ফুটবল খেলা। খেলায় এক পক্ষ গোল করার পর দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তিন ভাইকে। গত রোববার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, খেলার মাঠের ঘটনাকে পুঁজি করে তিন ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কাজিনগর গ্রামের মোকছুদ উল্লার ছেলে মো. হারুনুর রশিদ (৪০), কামাল হোসেন (৩২) ও আমির হোসেন ওরফে বাবলু (২৬)।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাজিনগর গ্রামের খালেকের নতুন বাড়ির পরিত্যক্ত জায়গায় স্থানীয় যুবকেরা প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন। স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, খেলার একপর্যায়ে আমির গোল করেন। এরপর তাঁর সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড় রফিকের হাতাহাতি হয়। এ ছাড়া দর্শক সারিতে থাকা বাড়ির মালিক খালেকের সঙ্গেও আমিরের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে খালেকের ছেলে রাজু ও তাঁর বন্ধুরা প্রথমে আমিরকে ও পরে হারুন ও কামালকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে জখম করে। এতে হারুন ও আমির ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে কামাল মারা যান। একই সময়ে হারুন, আমির ও কামালের ছোট ভাই মোরশেদ আলমকেও মারধর করা হয়। এ সময় তিনি মাঠ থেকে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পান। পরে মোরশেদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মোরশেদ আলম বলেন, গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের একটি জায়গা তাঁর তিন ভাই উদ্ধার করে দিয়েছেন। এ নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। পাশাপাশি মসজিদ কমিটির সদস্য খালেকের সঙ্গে প্রায় দেড় মাস আগে তাঁর ভাইদের কথা-কাটাকাটি হয়। এসব ঘটনার জের ধরে খেলার মাঠের ঘটনাকে পুঁজি করে তাঁর তিন ভাইকে পরিকল্পিতভাবে পিটিয়ে, কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
নাটেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য (কাজিনগর) শরাফত উল্লা ও চৌকিদার আবদুল সোবহানের ভাষ্যমতে, নিহত তিন ভাই এলাকায় বিভিন্ন লোকজনের জায়গা দখল করে দেওয়াসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ ছিল। এ কারণে খেলার মাঠের ঘটনার সূত্র ধরে এলাকার লোকজন তাঁদের পিটিয়ে মেরে ফেলে।
তবে তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন মোরশেদ।
নিহত তিন ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলার তথ্য গতকাল সোমবার পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম বলেন, খেলার মাঠে গোল করা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির জের ধরে তিন ভাইকে হত্যা করা হয়েছে। ঘটনার সময় লাঠিসোঁটা দিয়ে সহায়তার অভিযোগে ফাতেমা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করা হয়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহত তিন ভাইয়ের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত মামলা হয়নি।
এদিকে তিন সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ তাঁদের বাবা মোকছুদ উল্লা ও মা মনোয়ার বেগম। এ ছাড়া নিহত তিন ব্যক্তির স্ত্রী ও সন্তানদের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে।
নিহত তিন ভাই ছিলেন বিবাহিত। এর মধ্যে হারুনুর রশিদ এক ছেলে ও এক মেয়ে, কামাল হোসেন এক মেয়ে ও আমির এক ছেলের জনক।