নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরে ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, মঙ্গলবার বিকেলে চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে রাস্তার পাশে কেফায়েত উল্লার (৩০) লাগানো শিমগাছ প্রতিবেশী মো. মোস্তফার ছাগলে খেয়ে ফেলে। এ নিয়ে কেফায়েত ও তাঁর মায়ের সঙ্গে মোস্তফার ছেলে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সুমনকে মারধর করেন। এ ঘটনার জের ধরে রাত আটটার দিকে ঘোষফিল্ড বাজারে কেফায়েত ও মোস্তফার পরিবারের লোকজনের মধ্যে মারামারি হয়। এতে কেফায়েত উল্লা, মো. মোস্তফা, মো. হানিফ ও মো. সুমন আহত হন। বাজারে উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সূত্র জানায়, কেফায়েতের অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কেফায়েত মারা যান।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার কেফায়েতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।