নোয়াখালীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ভাঙচুর-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর ও নোয়াগ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শিবপুর ও নোয়াগ্রামের বাসিন্দাদের মাঝে উত্তেজনা চলছে। সোমবার বিকেলে নোয়াগ্রামের আশিক শিবপুর গ্রামে গেলে সেখানকার লোকজন তাঁকে মারধর করে। এরপর তিনি শিবপুর গ্রাম থেকে চলে যান। রাত নয়টার দিকে নোয়াগ্রামের ২৫-৩০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শিবপুর গ্রামে ঢুকে বসতবাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শিবপুর গ্রামের সাতটি বসতঘর ভাঙচুর ও আটটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুই গ্রামের কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। মীমাংসা না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।