নোয়াখালীতে দুই দিনে বিএনপির ২৬ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গত দুই দিনে বিভিন্ন মামলার আসামি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৭ নভেম্বর পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহিদ উল্লাহসহ সাত নেতা-কর্মী গতকাল সোমবার নোয়াখালীর ৪ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সিরাজ উদ্দিন আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারী অন্য ব্যক্তিরা হলেন সেনবাগ পৌর বিএনপির দপ্তর সম্পাদক মজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন।
সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ২০-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ইটের আঘাতে এক স্কুলশিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় জেলা যুবদলের সভাপতি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ যুবদল ও ছাত্রদলের ১৯ নেতা-কর্মী গত রোববার নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ কুমার শীল আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর, সদর উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহম্মদ ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি শামছুদ্দোহা মিঠু।