নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ১
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ডমুরিয়া গ্রামে গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তদের গুলিতে ওসমান গণি (২২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর বাড়ি ডমুরিয়া গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে ওসমান গণি দেওটি বাজার থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। ঘটনার পর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আহত ওই ব্যক্তির ডান হাতে গুলি লেগেছে। ধারণা করা হচ্ছে, শটগানের গুলিতে তিনি আহত হয়েছেন।
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।