নোয়াখালীতে বিবি হাজেরা (৫০) নামের এক নারীকে হত্যা করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারীর প্রবাসী ছেলের কাছে চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
নিহত হাজেরা ওই গ্রামের পাটোয়ারী বাড়ির আহম্মদ পাটোয়ারীর স্ত্রী। দুর্বৃত্তরা ওই পরিবারের আরও চারজনকে পিটিয়ে আহত করেছে।
আহম্মদ পাটোয়ারীর ছেলে মাহে আলম প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত তাঁদের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হামলা-ভাঙচুর ও লুটপাট শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর মা বিবি হাজেরাকে তাঁর নানির সামনে থেকে ছিনিয়ে নিয়ে ধারালো ছোরা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ছাড়া তাঁর নানি জমিলা খাতুন, সৌদিপ্রবাসী বড় ভাই কামরুল ইসলাম, ভাবি নাছিমা আক্তার ও ছোট বোন জয়নব আক্তারকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
মাহে আলম জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁর মাকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ছাড়া আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাহে আলম বলেন, সম্প্রতি তাঁর বড় ভাই সৌদি আরব থেকে দেশে ফিরেন। এরপর এলাকার কতিপয় সন্ত্রাসী এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সন্ত্রাসীরা তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দেয়। তাই বাড়িতে লুটপাট ও তাঁর মায়ের হত্যার সঙ্গে ওই সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম (সদর) থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মাজেদ বলেন, ‘ডাকাতেরা নিহত হাজেরার মাথা, বুক ও পিঠে ১৮টি আঘাত করেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতদের কাউকে হয়তো তিনি চিনে ফেলেছেন। যে কারণে তাঁকে ওই ভাবে ছুরিকাঘাত করা হয়েছে।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, প্রাথমিকভাবে একে ডাকাতির ঘটনা বলেই মনে হচ্ছে। পাশাপাশি চাঁদা দাবির বিষয়টিকেও বিবেচনায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।