নোয়াখালীতে দোকান ও আ.লীগের কার্যালয় ভাঙচুর
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুয়ারিপাড়া ও বজরগাঁও গ্রামের ১১টি দোকানে হামলা-ভাঙচুর চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। তারা এ সময় বজরগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে ১৪-১৫ জন মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলযোগে এসে বজরগাঁও দোকানঘর এলাকায় ছয়টি দোকানে হামলা-ভাঙচুর চালায়। একপর্যায়ে হামলাকারীরা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে চলে যায়।
স্থানীয় লোকজন জানান, এ ঘটনার পর রাত তিনটার দিকে একই ইউনিয়নের দুয়ারিপাড়া গ্রামে পাঁচটি বন্ধ দোকানের শাটার ও দরজা কুপিয়ে ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা। এ সময় দোকানের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। ওই সময় দোকানে কেউ ছিল না।
বজরগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদ উল্লা ওরফে খোকন প্রথম আলোকে জানান, হামলাকারীরা মুখোশ পরা থাকায় কাউকে চেনা যায়নি। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম দুয়ারিপাড়া ও বজরগাঁও গ্রামে কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের কথা তাঁকে কেউ জানাননি।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল বিকেল পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।