নোয়াখালীতে দোকান থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের একটি দোকান থেকে গতকাল বুধবার এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেছে।
নিহত নজরুল ইসলামের (৩০) বাড়ি ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন নজরুল। গতকাল সকালে স্থানীয় লোকজন দোকান বন্ধ দেখে তাঁকে অনেকক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু নজরুলের সাড়া মেলেনি। পরে তাঁরা দোকানের পেছনে গিয়ে দোকানের বেড়া ভাঙা ও ভেতরে নজরুলের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন বলেন, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। দুর্বৃত্তরা মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।