নোয়াখালীতে দোকানে হামলা ভাঙচুর, অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে। হামলায় প্রতিষ্ঠানের মালিক মো. সেলিম (৩২) গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাসপাতালে চিকিৎসাধীন মো. সেলিম জানান, সকাল ১০টার দিকে স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতে এসে তাঁর দোকানে হামলা-ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকেও কুপিয়ে ও পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা এ সময় তাঁর দোকানের ক্যাশবাক্স লুট করে নিয়ে যায়।
অপরদিকে গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী আল-আমিন পাটোয়ারী ওরফে রকি (২৪) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন উপজেলার বাইশসিন্দু এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গতকাল বুধবার তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।