নোয়াখালীর সেনবাগের কাজিরখিল গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধরা ব্যক্তিরা হলেন আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, ছেরাজুল ইসলাম, কোহিনূর বেগম ও মো. সবুজ।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বীজবাগ ইউনিয়নের পশ্চিম কাজিরখিল ও বিরনারায়ণপুর গ্রামের যুবকেরা ফুটবল খেলার আয়োজন করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে খেলার শেষ পর্যায়ে একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি থেকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এক পক্ষের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সংঘর্ষ চলাকালে এক পক্ষ আরেক পক্ষের ওপর গুলি ছুড়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।