ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে কেন্দ্র করে গতকাল শনিবার নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
হামলায় পুলিশের তিন সদস্য এবং তিন চৌকিদারসহ আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহিদুর রহমান ও কনস্টেবল মো. সোহাগ; চৌকিদার আলমগীর হোসেন, নূর নবী ও মো. আয়াজ হোসেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সকালে হরণী ইউনিয়নের বয়ারচরের জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট উচ্চবিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়। একপর্যায়ে খবর আসে হালনাগাদ কার্যক্রমে অংশ নিতে আসার পথে টাংকির বাজার এলাকায় লোকজনকে বাধা দিচ্ছে সীমান্তবর্তী লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের কিছুসংখ্যক লোক। ১০টার দিকে হাতিয়া থানার একদল পুলিশ ও চৌকিদার সেখানে গেলে চরগাজীর কিছুসংখ্যক লোক তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় ইটপাটকেলের আঘাতে আটজন আহত হন। একপর্যায়ে পুলিশকে অবরুদ্ধ করে হামলাকারীরা।
পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে শটগান থেকে ১৮টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, সকালের দিকে টাংকির বাজার এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখানোসহ কিছু সমস্যা হয়। পরে হালনাগাদ কার্যক্রম ঠিকভাবে শেষ হয়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশ নিতে আসা লোকজনকে বাধা ও পুলিশের ওপর হামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র জানায়, হরণী ইউনিয়নের কিছু অংশ রামগতিতে পড়েছে—এ দাবি করে চরগাজীর কিছুসংখ্যক লোক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাধা দেয়। এর আগে ২০১৫ সালের ১৭ অক্টোবর হরণী ইউনিয়নের সেন্টার বাজারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমেও বাধা দেয় চরগাজীর লোকজন। এরপর এত দিন ওই এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বন্ধ ছিল।