নোয়াখালীতে পুলিশের ওপর 'যুবলীগের' হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের বামনী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ায় যুবলীগের কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে বিকেল সাড়ে চারটার দিকে রামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা কেন্দ্রের সামনে জড়ো হন যুবলীগের শতাধিক নেতা-কর্মী। খবর পেয়ে রামপুর পুলিশ ক্যাম্প থেকে এএসআই দীপক চাকমার নেতৃত্বে একদল পুলিশ কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় যুবলীগের কর্মীরা তাঁদের নেতাকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একপর্যায়ে যুবলীগের কর্মীরা কনস্টেবল সাইফুল ইসলামের জামার কলার চেপে ধরে তাঁকে কিল-ঘুষি মেরে তাঁর অস্ত্র নিয়ে টানাটানি করেন। এ সময় পুলিশ শটগান থেকে দুটি গুলি করে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী মো. সোহেল (১৮) ও গ্রাম পুলিশ মো. বাবুল (৪০) গুলিবিদ্ধ হন। এ ছাড়া পুলিশের লাঠিপেটায় আরও ছয়জন সামান্য আহত হন। আহত লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পরীক্ষা শেষ হওয়ার আগমুহূর্তে তিনি তাঁর ছোট বোনকে আনার জন্য কেন্দ্রের ফটকে যান। এ সময় দায়িত্বে থাকা পুলিশ তাঁকে ভেতরে যেতে বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ গুলি ছুড়ে এবং এলোপাতাড়ি লাঠিপেটা করে। এতে তিনি ছাড়াও কয়েকজন পরীক্ষার্থী এবং একজন গ্রাম পুলিশ আহত হন।
রামপুর ইউনিয়নে অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) দীপক চাকমা বলেন, যুবলীগের নেতা দেলোয়ার হোসেন প্রথমে নকল সরবরাহ করতে পরীক্ষার কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তিনি ও তাঁর লোকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও অস্ত্র নিয়ে টানাটানি করেন। এ সময় পুলিশ দুটি গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।