নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজন খুন
নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। খুন হওয়া ব্যক্তিরা হলেন অলিউল্লা ওরফে খোকন (৩৬) ও নুর আলম (৫০)। জেলার সদর ও কবিরহাট উপজেলায় গত বুধবার রাতে এ ঘটনা দুটি ঘটে। পুলিশ ঘটনা দুটির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর গ্রামের মনির মেম্বারের দোকানের সামনে বসা নুর আলমের ওপর হামলা চালায়। নুর আলম এ সময় দৌড় দিলে সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে পার্শ্ববর্তী কেরািনবাড়ির দরজায় নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় নুর আলমকে উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নুর আলমের বড় ভাই তহছির আহম্মেদ জানান, পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মিলনের সঙ্গে চট্টগ্রামের এক ব্যক্তির লেনদেনসংক্রান্ত একটি বিষয়ে তাঁর ভাই মধ্যস্থতা করেছিলেন। এ ঘটনায় কিছুদিন আগে মিলন বাড়িতে এসে তাঁর ভাইকে হুমকি দিয়ে যান। ওই হুমকির জের ধরেই তাঁর ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সুধারাম থানার উপপরিদর্শক তানভির আহমেদ প্রথম আলোকে বলেন, টাকা লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে নুর আলম নামের ওই ব্যক্তি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি।
অপর দিকে, জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের আবুল খায়েরের সঙ্গে প্রতিবেশী আবদুল হাকিম ও মজিবুর রহমানদের পূর্ববিরোধ নিয়ে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝগড়া হয়। এমন সময় ওই বাড়িতে আসেন আবুল খায়েরের মেয়ের জামাই কুয়েতপ্রবাসী অলিউল্লা খোকন (৩৬)।
এ সময় প্রতিপক্ষের লোকজন ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অলিউল্লার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অলিউল্লার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাতে ঢাকার বাংলাদেশ মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দুইটার দিকে অলিউল্লা মারা যান। নিহত অলিউল্লা একই উপজেলার ধানসিড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আহছান উল্লার ছেলে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম প্রথম আলোকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার ঘটনায় প্রথমে একটি মামলা হয়েছে। এখন সেটি হত্যা মামলা হবে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।