নোয়াখালীতে ফাঁকা গুলি ছুড়ে মনোনয়নপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের মনোনয়পত্র ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সদর উপজেলার খলিফারহাট উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ছিল ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের অফিস সহকারী সিরাজ উদ্দিন সদস্য পদে জমা হওয়া মনোনয়নপত্র বাছাইয়ের জন্য প্রস্তুত করছিলেন। এ সময় ১০-১২ জন সন্ত্রাসী হঠাৎ বিদ্যালয়ের আঙিনায় ঢুকে পড়ে। এরপর তারা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা কার্যালয়ে ঢুকে সিরাজ উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে সন্ত্রাসীরা বিদ্যালয় ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রধান শিক্ষক মমিন উল্লা প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি উপজেলা সদরে একটি বৈঠকে ছিলেন। ঘটনার পর অফিস সহকারী সিরাজ উদ্দিন তাঁকে ঘটনাটি জানান। এরপর তিনি বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনকে লিখিতভাবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইএনও) মৌখিকভাবে জানান।
প্রধান শিক্ষক জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মনোনয়নপত্র ছিনতাইয়ের পর নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিদ্যালয় সূত্র জানায়, আগামী ১৪ নভেম্বর ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনে সদস্যের আটটি পদের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, প্রধান শিক্ষক কারও নাম উল্লেখ না করে থানায় সাধারণ ডায়েরি করেছেন।