নোয়াখালীতে ব্যাট দিয়ে পিটিয়ে তরুণকে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে ক্রিকেট-ব্যাট ও স্টাম্প দিয়ে পিটিয়ে মো. সোহেল (২০) নামের এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের চানকাশিমপুর গ্রামের খুরশিদা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে সোহেল চানকাশিমপুরের খুরশিদা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলতে যান। খেলা চলাকালে একই এলাকার সাত-আটজন দুর্বৃত্ত ক্রিকেটের ব্যাট ও স্টাম্প নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা সোহেলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে তাঁকে মাঠে ফেলে চলে যায়। এ সময় মাঠের খেলোয়াড়েরাও ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সোহেল নামের এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অজিউল্লাহ বলেন, সোহেল স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক কারণে এলাকার শিবিরের কর্মীরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে।
তবে সোহেলের বাবা দিনমজুর খুরশিদ আলম বলেন, তাঁর ছেলে সোহেল ঢাকার চকবাজারে একটি ব্যাগের কারখানায় চাকরি করত। তিনি কোনো রাজনীতি করতেন কি না, তা তিনি জানেন না। কারা তাঁর ছেলেকে মেরেছে, তা-ও তিনি এখনো পর্যন্ত জানতে পারেননি।
নোয়াখালী উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল মতিন বলেন, খেলা নিয়ে বিরোধের জের ধরে সোহেল খুন হয়েছে। শিবিরের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, তিনি নির্বাচনী দায়িত্বে কবিরহাট উপজেলায় আছেন। খেলা নিয়ে এক তরুণকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের সদস্যরা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।