নোয়াখালীতে ভূমিহীনদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভূমিহীনদের বাড়িঘরে এলোপাতাড়ি হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার চর এলাহী ইউনিয়নের চর কলমী গ্রামে গত সোমবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এতে গর্ভবতী এক ভূমিহীন নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় গর্ভবতী নারী জাহানারা খাতুন (৩৫) ও বৃদ্ধা আনোয়ারা বেগমকে (৫০) গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলায় আহত ভূমিহীন আলী আশরাফ অভিযোগ করেন, প্রায় ১৫ বছর ধরে তাঁরা চর কলমীর সরকারি খাসজমিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। কিন্তু দুই বছর আগ থেকে উপজেলার রামপুর ইউনিয়নের নুরুল হুদা চরের ওই জায়গা তাঁর বলে দাবি করেন এবং তাঁদের দখল ছেড়ে দিতে প্রতিনিয়ত চাপ দিতে থাকেন।
আলী আশরাফ জানান, ইতিমধ্যে বেশ কয়েকবার নুরুল হুদা মাটি কাটার মেশিন ও লোকজন নিয়ে তাঁদের জমি থেকে উচ্ছেদ করতে এসেছিলেন। কিন্তু ভূমিহীনদের প্রতিবাদের মুখে তাঁরা চলে যেতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার ভূমিহীন আবুল কাশেম ও ফেরদৌসী বেগম বাদী হয়ে জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন দিবাগত রাতে তাঁদের বসতঘরে হামলা-ভাঙচুর চালানো হয়।
হাসপাতালে আহত জাহানারা বেগম অভিযোগ করেন, রাতের অন্ধকারে ৩৫ থেকে ৪০ জন লোক অতর্কিতে এসে তাঁদের বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে। হামলাকারীরা তাঁর চুল ধরে তাঁকে ঘর থেকে বের করে নিয়ে আসে। এ সময় তিনি বারবার গর্ভবতী বলে না মারার জন্য আকুতি জানালেও তারা শোনেনি।
চর এলাহীর বাসিন্দা খোরশেদ আলম বলেন, চর কলমীর বেশির ভাগ জায়গাই সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। কিন্তু একশ্রেণির প্রভাবশালী নামে-বেনামে বন্দোবস্ত নিয়ে চরে বসবাসকারী ভূমিহীনদের উচ্ছেদ করে মাছের খামার করার নামে এরই মধ্যে প্রায় পুরো চর দখল করে নিয়েছে। কিন্তু এসব বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
নুরুল হুদা দাবি করেন, খরিদা ও পৈতৃক সূত্রে (ডিএস খতিয়ানভুক্ত) চর কমলীর ১৪ একর জমির মালিক তিনি। তিন বছর আগে হঠাৎ একদিন রাতের অন্ধকারে ভূমিহীনেরা তাঁর জমি দখল করে ফেলে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক গতকাল ভোরে তিনি লোকজন নিয়ে ওই জায়গা থেকে মেশিনের সাহায্যে মাটি কাটতে গেলে ভূমিহীনেরা বাধা দেয়। এ সময় তাঁরা সেখান থেকে চলে আসেন। কিন্তু কারও ওপর হামলা কিংবা বাড়িঘর ভাঙচুর করা হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, চর কলমীতে ভূমিহীনদের ওপর হামলার কোনো অভিযোগ থানায় কেউ করেননি। অভিযোগ ফেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ভূমিহীনদের জায়গা দখলের চেষ্টার বিষয়ে তাঁর কার্যালয়ে কোনো অভিযোগ দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।