নোয়াখালীতে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচরে জমি থেকে আজ শনিবার সকালে খড় দিয়ে ঢাকা অবস্থায় এক গৃহবধূ ও তাঁর শিশুপুত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে গতকাল শুক্রবার রাতে তাঁদের নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় বলে এলাকাবাসীর অভিযোগ। উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে
খুন হওয়া গৃহবধূ হলেন লাকি রানী নাথ (২২)। তাঁর দুই বছরের ছেলের নাম হরিচান। লাকির স্বামী সঞ্জয় নাথ (৩০) ও শ্বশুর দশরথ নাথকে (৫৫) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, তিন বছর আগে একই উপজেলার পূর্ব চরবাটা গ্রামের রতন চন্দ্র নাথের মেয়ের সঙ্গে সঞ্জয় চন্দ্র নাথের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিস-বৈঠকও হয়। কিন্তু কলহ বন্ধ হয়নি। এর মধ্যে তাঁদের ঘরে হরিচানের জন্ম হয়।
প্রতিবেশীদের ভাষ্য, গতকাল রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক কলহের জের ধরে সঞ্জয় ও তাঁর পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে লাকি ও হরিচানকে হত্যা করেন। দুজনের লাশ বাড়ির পাশের জমিতে নিয়ে খড় দিয়ে ঢেকে রাখা হয়। এলাকাবাসী টের পেয়ে পুলিশকে খবর দেয়।
লাকীর বাবা রতন অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাঁর মেয়ে অশান্তিতে ছিল। প্রায়ই তাঁকে মারধর করা হতো। এমনকি তিনি মেয়ের বাড়িতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে।
স্থানীয় চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল করিম বলেন, রাত ১০টার দিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর তাঁরা সঞ্জয়কে আটক করেন এবং বিষয়টি থানার পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, গৃহবধূ লাকির শরীরে ধারালো অস্ত্রের প্রায় ১২টি কোপ ও শিশু হরিচানের পেটে একটি কোপের দাগ রয়েছে। এ ঘটনায় সঞ্জয় ও তাঁর বাবাকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে লাকির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।