নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে গত শুক্রবার রাতে দুই বছরের একটি শিশু ও তার মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই শিশুর বাবা, দাদা ও দাদিকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলো হরিচান চন্দ্র নাথ (২) ও তার মা লাকি রানী নাথ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, তিন বছর আগে একই উপজেলার পূর্ব চরবাটা গ্রামের লাকি রানী নাথের সঙ্গে সঞ্জয় চন্দ্র নাথের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকও হয়, কিন্তু কলহ বন্ধ হয়নি। ওই কলহের জের ধরে সঞ্জয় ও তাঁর পরিবারের সদস্যরা শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লাকি ও তাঁর শিশুপুত্র হরিচাঁদকে হত্যা করে লাশ খড় দিয়ে ঢেকে রাখেন।
চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল করিম বলেন, রাত ১০টার দিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর তাঁরা সঞ্জয়কে আটক করেন এবং বিষয়টি পুলিশকে জানান। সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার লাশ দুটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী, শ্বশুরবাড়ির লোকজনসহ পাঁচজনে মিলে গৃহবধূ লাকি ও তাঁর সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন। তিনি জানান, লাকির শরীরে ধারালো অস্ত্রের প্রায় ১২টি ও হরিচানের পেটে একটি আঘাতের চিহ্ন আছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবা সঞ্জয় নাথ (৩০), দাদা দশরত নাথ (৫০) ও দাদি স্বপ্না রানী নাথকে (৪০) আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।