নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার পাশ থেকে মুজাহিদুল ইসলাম ওরফে মোজাম্মেল (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় পৌরসভার নাওতলা এলাকার বাড়ি থেকে বের হয়ে সোনাইমুড়ী বাজারে যায় মুজাহিদুল। রাত বেশি হওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন রাস্তার পাশে মুজাহিদুলের লাশ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, মুজাহিদুলের বাবা নুরুল ইসলাম ও আত্মীয়-স্বজনেরা লাশটি উদ্ধার করে সোনাইমুড়ী থানায় নিয়ে যান। সেখানে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গতকাল মঙ্গলবার পুলিশ ময়নাতদন্তের জন্য মুজাহিদুলের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও মো. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মুজাহিদুলের শরীরের বাইরের অংশে কোনো আঘাতের আলামত পাওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ওসি মো. হানিফুল ইসলাম বলেন, মুজাহিদুলের মৃত্যুর বিষয়ে তার বাবা কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।