নোয়াখালীতে যুবক খুন, গুলিবিদ্ধ আরও একজন
বিরোধের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে খুন করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। গতকাল রোববার সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। নিহত যুবক মো. রুবেল (২২) এবং গুলিবিদ্ধ স্বাধীন দুজনই এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
রুবেলের বাড়ি উপজেলার হাজিপুর ইউনিয়নের মধ্যম হাজিপুর গ্রামে। পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রুবেলকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত যুবকের চোখ, মুখ ফোলা ও রক্তাক্ত ছিল।
নিহত রুবেলের বাবা সফি উল্লার বরাত দিয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে একই এলাকার স্বাধীন, আলোসহ তিন যুবক হাজিপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে রুবেলকে তুলে নিয়ে যান। এরপর ওই যুবকেরা রুবেলকে হোনার পোল এলাকায় নিয়ে ভারী কোনো বস্তু দিয়ে মাথা ও চোখে-মুখে আঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে যান। পরে ফোনে রুবেলের বাবাকে তার আহত হওয়ার খবর জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, রুবেল নিহত হওয়ার ঘটনায় তাঁর সঙ্গীরা হামলা চালান স্বাধীনের ওপর। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।