নোয়াখালীতে যুবককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের পৌর পার্কসংলগ্ন সড়কে গতকাল বুধবার মো. ইব্রাহিম (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা।
গুরুতর আহত ইব্রাহিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের খোদেজাদপুর গ্রামে। তিনি শহরে বেলুন বিক্রি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একদল যুবক ইব্রাহিমের টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে যুবকেরা তাঁর মুখে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন এসে ইব্রাহিমকে উদ্ধার করেন। তাঁর কাছ থেকে কোনো কিছু নিতে পারেননি ছিনতাইকারীরা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আহত ইব্রাহিমকে হাসপাতালে গিয়ে দেখে এসেছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।