নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনকে (৩২) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার পালপাড়া গ্রামের উঁচুপোল নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পারভেজ আলম অভিযোগ করেন, রাজনৈতিক কারণে বিএনপির কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আরিফকে পিটিয়ে হত্যা করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বিএনপির নেতা-কর্মীরা এমনিতেই আওয়ামী লীগের ভয়ে এলাকাছাড়া। তাঁরা কেউ এ ঘটনায় জড়িত নন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে একটি সালিস বৈঠক শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আরিফ। পথে রাত ১০টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের পালপাড়া গ্রামের উঁচুপোল নামক স্থানে একদল দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা পিটিয়ে তাঁর মাথা থেঁতলে দেয়। এ সময় আরিফের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আরিফকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি আমিশাপাড়ার ভগ্রগাঁও গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, আরিফকে হত্যার প্রতিবাদে যুবলীগের ক্ষুব্ধ কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে বজরা এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নোয়াখালী-কুমিল্লা সড়ক অবরোধ করেন। আধা ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যুবলীগের কর্মীরা আমিশাপাড়া বাজারে মিছিল বের করেন। একপর্যায়ে মিছিলকারীরা বাজারের মতিন স্টোর নামের একটি দোকানে হামলা চালান। রাত সাড়ে ১২টার দিকে ধন্যপুর গ্রামে একটি দোকানে অগ্নিসংযোগ এবং একটার দিকে সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) কামরুজ্জামানের বাড়িতে ভাঙচুর চালান যুবলীগের কর্মীরা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরিফের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরিফের লাশ নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।