নোয়াখালীতে যুবলীগের কর্মীকে গুলি করে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কবির বাজারে গতকাল শুক্রবার রাতে জহির উদ্দিন (২৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
জহির উদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নিহত জহির উদ্দিনের বড় ভাই এম জামাল উদ্দিন জানান, গতকাল রাত পৌনে আটটার দিকে জহির কবির বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় বাজারের দক্ষিণ দিক থেকে ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী এসে তাঁর ওপর হামলা চালায়। এ সময় জহির পালানোর চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা ধাওয়া করে তাঁকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে জহির মারা যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, রাত নয়টার দিকে জহিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
জামাল উদ্দিন বলেন, তাঁর ভাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি কবির বাজারে রেস্তোরাঁ ব্যবসা ছিল তাঁর। স্থানীয় সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজির কারণে কয়েক মাস আগে তিনি ব্যবসা বন্ধ করে দেন এবং সন্ত্রাসীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। এ কারণে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ভাইকে হত্যা করেছে।