নোয়াখালীতে র্যাবের ওপর হামলা, আটক ৩
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের চৌকিদারহাট এলাকায় গত শুক্রবার রাতে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিতে র্যাবের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। র্যাব এ কথা জানিয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত পৌনে ১০টার দিকে র্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মো. নাজিম উদ্দিন আল আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার আন্ডারচরের চৌকিদারহাট বাজার এলাকার সন্ত্রাসী ইউছুফ বাহিনীর প্রধান ইউছুফকে (৫০) আটক করা হয়। এ সময় ইউছুফের সহযোগীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়।
হামলাকারীরা ইটপাটকেল ও গুলি ছুড়ে ইউছুফকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। একই সময় ডাকাত এসেছে বলে স্থানীয় মসজিদের মাইক থেকে প্রচার করা হয়।
র্যাব সূত্র জানায়, হামলার জবাবে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় র্যাবের ওপর হামলার ঘটনায় হেলাল হোসেন, নূর হোসেন ও শহিদ হোসেন নামক তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ইউছুফের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার ভোরে তাঁর বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে চৌকিদারহাট বাজারে র্যাব সদস্যদের ওপর স্থানীয় একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন। তবে ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না।
পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল পর্যন্ত আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়নি।