নোয়াখালীতে লাগেজভর্তি কঙ্কাল উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের খোদখাস্তা গ্রামের ডোবা থেকে লাগেজভর্তি একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে কয়েকজন শ্রমিক খোদখাস্তা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পান। এরপর তাঁরা এগিয়ে গিয়ে দেখেন ডোবার মধ্যে একটি লাগেজ পড়ে আছে। পরে লাগেজ খুলে একটি মানবকঙ্কাল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। পরীক্ষার জন্য কঙ্কালটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, কঙ্কাল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। কেউ আগ্রহী হলে নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের পরীক্ষাগারে পাঠানো হবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা কঙ্কালটি নারী না পুরুষের, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে অন্য কোথায়ও হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে। তিনি জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।