নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গত শুক্রবার এক শিক্ষক সাত বছরের একটি শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগে উঠেছে।
শিশুর চাচা বলেন, তাঁর ভাতিজিসহ অন্য শিশুরা প্রতিদিনের মতো বাড়ির সামনের একটি নূরানী মাদ্রাসায় এক শিক্ষকের কাছে পড়তে যায়। বেলা ১১টার দিকে পড়া শেষ হওয়ার পর ওই শিক্ষক তাঁর ভাতিজিকে মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা বলে বসিয়ে রাখে। পরে ওই শিক্ষক তাঁর ভাতিজিকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজনকে আসতে দেখলে শিক্ষক পালিয়ে যান।
শিশুটির চাচা বলেন, এ ঘটনার পর তাঁর ভাতিজি অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর সে অনেকটা সুস্থ হয়ে উঠলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তাঁরা এ বিষয়ে থানায় অভিযোগ করবেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে তাঁদের ধারণা। পুলিশের লিখিত অনুরোধ ছাড়া ডাক্তারি পরীক্ষা করার সুযোগ নেই।
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, পুলিশ ওই শিশুর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।