নোয়াখালীতে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাসজমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফা দফায় সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের পূর্ব গাঙচিল গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হোসেনকে আটক করেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ইব্রাহিম খলিল, মো. ফারুক, মনির আহমেদ, মো. আবদুল্যাহ্, এবায়েদ হোসেন, জসিম উদ্দিন, সিরাজ মিয়া, মো. রাশেদ, মো. মোস্তফা ও ছামনা খাতুন। এর মধ্যে ইব্রাহিম খলিল ও মো. ফারুককে নোয়াখালী জেলা শহরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, গাঙচিলের খাসজমির দখল নিয়ে ইউপি সদস্য মোজাম্মেল ও ইসমাইলের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাত আটটার দিকে ইসমাইলের বাবা মোস্তফা গাঙচিল বাজারে গেলে মোজাম্মেলের লোকজন তাঁকে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে ইসমাইলের লোকজন বাজারে আসেন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মোজাম্মেলের লোকজন ইসমাইলের বসতঘরসহ পাঁচটি ঘরে অগ্নিসংযোগ করেন। পরে খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল গিয়ে আগুন নেভায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, মোজাম্মেল ও ইসমাইল দীর্ঘদিন থেকে খাসজমি দখল করে আসছেন। এ নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। শনিবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা শহর থেকে সুধারাম থানা-পুলিশের সহায়তায় ইউপি সদস্য মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে।