নোয়াখালীতে সময় টেলিভিশনের কার্যালয়ে হামলা
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময়’-এর নোয়াখালী কার্যালয়ে আজ সোমবার সন্ধ্যায় ‘ককটেল’ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাত নয়টার দিকে শহরের টাউন হল মোড়ের ফ্ল্যাট রোডের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ সময় কার্যালয়টি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।
‘সময়’ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল জানান, রাত সাড়ে আটটার দিকে কার্যালয় বন্ধ করে পাশের একটি সংবাদপত্রের আঞ্চলিক কার্যালয়ে বসে তিনি আড্ডা দিচ্ছিলেন। রাত ৯টা ১০ মিনিটে দুর্বৃত্তরা সময় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে একটি ‘ককটেল’ ছোড়ে। ককটেলটি কার্যালয়ের জানালার ওপরের দেয়ালে বিস্ফোরিত হয়। এ ঘটনায় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম আশরাফুজ্জামান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিষ্কৃতি চাকমা, সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, হরতাল-অবরোধ আহ্বানকারীরা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে পটকা জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। নিক্ষিপ্ত বস্তুটি ককটেল হয়ে থাকলে আশপাশে আলামত পাওয়া যেত। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।