নোয়াখালীতে সেতুমন্ত্রীর ভাইকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে এক দুর্বৃত্ত হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার রাতে সেতুমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজাপুরের গ্রামের বাড়িতে ঢিল ছোড়ার পর ওই বাড়ির গৃহকর্মীকে উদ্দেশ্যে মুখোশ পরা অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত এ হুমকি দেন বলে আবদুল কাদের মির্জা দাবি করেছেন।
আবদুল কাদের মির্জা জেলার বসুরহাট পৌরসভার মেয়র। ওই ঘটনার পরই কোম্পানীগঞ্জের রাজাপুর গ্রামের ওই বাড়িতে দলীয় নেতা-কর্মী ছুটে যান। ওই বাড়িতে পুলিশের পাহারা বসানো হয়েছে।
আবদুল কাদের মির্জা প্রথম আলোর কাছে দাবি করেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে তাঁর বসতবাড়ির ঘরের চালায় ঢিল নিক্ষেপের শব্দ হয়। তিনি বাড়ির গৃহপরিচারিকা জান্নাতুল ফেরদৌসকে বিষয়টি দেখার জন্য পাঠান। বাড়ির দরজা খুলে বেরিয়ে জান্নাতুল ফেরদৌস দেখেন, ঘরের পেছনে কালো মুখোশ পরা অজ্ঞাতনামা এক ব্যক্তি ছোরা হাতে দাঁড়িয়ে আছেন। কে কে বলে চিৎকার করতে ওই ব্যক্তি বলেন, ‘রাতে আমরা মেয়রকে হত্যা করার জন্য আসব, দরজা খুলে দিবা, না হলে তোমাকেও হত্যা করব।’
ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।