নোয়াখালীতে স্বামী ও স্ত্রী অ্যাসিড-সন্ত্রাসের শিকার
নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামে এক রিকশাচালক ও তাঁর স্ত্রী অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
রিকশাচালকের নাম শাহেদ আলী (৬০) ও তাঁর স্ত্রী জোবেদা আক্তার (৫০)। এর মধ্যে গুরুতর দগ্ধ শাহেদ আলীকে রাতেই নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রীকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ঘটনা শোনার পর জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিষ্কৃতি চাকমাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এর পরই সহকারী পুলিশ সুপার হাসপাতালে যান। রাতে পৌনে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন শাহেদ আলীর বড় মেয়ে সাজেদা আক্তার গতকাল রাতে বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একটি অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে পর পর তিনবার তাঁদের মোবাইলে ফোন আসে। প্রতিবারই ফোন ধরার পর অপর প্রান্ত থেকে কেউ কিছু না বলায় তৃতীয়বার ফোন ধরার পর তাঁর বাবা ফোন বন্ধ করে রাখেন।
এরপর রাত আড়াইটার দিকে ঘরের টিনের বেড়ার বাইরে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দ শুনে তাঁর বাবা ঘরের দরজা খুলে টর্চলাইট নিয়ে বের হতেই অজ্ঞাত এক দুর্বৃত্ত তাঁর বাবাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে দৌড় দেয়। এ সময় তাঁর বাবা এবং পেছনে থাকা মা জোবেদা আক্তার অ্যাসিডে দগ্ধ হন।
জোবেদা আক্তার বলেন, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর ঘরের পাশে একটি গেঞ্জি, একটি ব্যাগ, একটি চাকু, অ্যাসিড বহনের পাত্র এবং এক জোড়া জুতা পড়ে থাকতে দেখেন। পরে এগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হয়।
অ্যাসিডে দগ্ধ শাহেদ আলী কাঁপা কাঁপা মৃদু কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘কারও সঙ্গে তাঁর কিংবা পরিবারের কারও কোনো শত্রুতা নেই। কারা এ ঘটনা ঘটাতে পারে, তাও তিনি বলতে পারছেন না। তবে, যে ফোন নম্বর থেকে পর পর ফোন এসেছে, ওই ফোন নম্বরের লোকই হয়তো এ ঘটনা ঘটাতে পারে।’
হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার আবু সুফিয়ান বলেন, ধারণা করা হচ্ছে, শাহেদ আলী নামের ওই ব্যক্তি এবং তাঁর স্ত্রী অ্যাসিড-আক্রান্ত হয়েছেন। তবে পরীক্ষা না করে অ্যাসিডের কথা নিশ্চিত করে বলা যাবে না।
আবু সুফিয়ান আরও বলেন, শাহেদ আলীর মুখমণ্ডলসহ শরীরের ২৫ শতাংশের বেশি অংশ পুড়ে গেছে। এই অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁরা রোগীকে সেখানে নেননি।