মৌলভীবাজারের বড়হাটে পুলিশের অভিযানে নিহত তিনজনের মধ্যে একজনের প্রাথমিক পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম আশরাফুল আলম ওরফে নাজিম। বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। লাশ শনাক্তের জন্য তার মাকে মৌলভীবাজারে ডেকে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল তাঁর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, সন্দেহ করা হচ্ছে, এই নাজিমই সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে আতিয়া মহলের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
বড়হাটে জঙ্গি আস্তানায় অভিযান শেষে গত শনিবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, আস্তানার ভেতর নিহত পুরুষদের একজন আতিয়া মহলে অভিযান চলাকালে নিরাপত্তাবলয়ের মধ্যে বোমা হামলায় নেতৃত্ব দিয়েছিল।
অবশ্য ওই দিন কারও নাম-পরিচয় বলা হয়নি।
এদিকে নোয়াখালীর সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) টমাস বড়ুয়া গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের কুমারগোরিয়া গ্রামের বাড়িতে আশরাফুলের মা মনোয়ারা বেগম ছাড়া আর কেউ থাকেন না। তাই ছেলেকে শনাক্ত করার জন্য তাঁকে মৌলভীবাজার নিয়ে যাওয়া হবে। তাঁর সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোতাহের হোসেনও যাবেন।
এসআই টমাস বড়ুয়া বলেন, মনোয়ারা বেগমের পাঁচ মেয়ে, দুই ছেলের মধ্যে আশরাফুল আলম নাজিম সবার ছোট। সে মাদ্রাসায় পড়ালেখা করত। কিছুদিন ধরে আশরাফুলের সঙ্গে যোগাযোগ নেই বলে তার মা পুলিশকে জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ সিলেটের আতিয়া মহলে সেনা কমান্ডোদের জঙ্গিবিরোধী অভিযান চলাকালে জঙ্গি আস্তানার বাইরে দুই দফা বিস্ফোরণে র্যাবের গোয়েন্দাপ্রধান, পুলিশের দুই কর্মকর্তাসহ ৭ জন নিহত এবং ৪৪ জন আহত হন। ২৮ মার্চ রাতে অভিযানের সমাপ্তি ঘোষণা করার পর ওই রাতেই মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানাটি ঘেরাও করে পুলিশ। সেখানে অভিযান শেষে ওই আস্তানার ভেতর থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
মৌলভীবাজারের পুলিশ সুপার বলেন, অভিযান শেষে বড়হাটের জঙ্গি আস্তানায় পুলিশের বোমা অপসারণ দল বেশ কিছু আইইডি (হাতে তৈরি বোমা-গ্রেনেড) উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।
ছবি দেখে নাসিরপুরে নিহতদের শনাক্ত
মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় নিহত সাতজনের লাশ শনাক্ত করতে গতকাল সকালে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে নিয়ে আসা হয় আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তিকে। তিনি জঙ্গি লোকমান হোসেনের শ্বশুর। ধারণা করা হচ্ছে, নিহত সাতজন হলেন দিনাজপুরের লোকমান হোসেন, তাঁর স্ত্রী শিরিনা আক্তার এবং তাঁদের পাঁচ মেয়ে।
শিরিনার বাবা আবু বকরের সঙ্গে মৌলভীবাজারে আসেন তাঁর নিজ এলাকা বুলাকিপুর ইউপির সদস্য মফজ্জল হোসেন এবং আরেক মেয়ের জামাই সানোয়ার হোসেন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে লাশ শনাক্ত করার জন্য তাঁদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে নেওয়া হয়। তিনি মেয়ে, মেয়ের স্বামী ও নাতনিদের শনাক্ত করেন।
পরে আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘লাশ দেখে চিনতে পারিনি। ছবি দেখে চিনতে পারছি। আমি লাশ নেব না। এরা দেশের শত্রু, সবার শত্রু। জনগণের শত্রু। লাশ নেওয়া লজ্জার ব্যাপার হয়ে গেছে।’
মৌলভীবাজারের পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, নাসিরপুরের বাড়ি থেকে উদ্ধার করা একটি পারিবারিক ছবি বাড়ির তত্ত্বাবধায়ককে দেখানো হলে তত্ত্বাবধায়ক নিশ্চিত করেন, ছবির লোকজনই এই বাড়িতে ছিলেন। সেই ছবিটিই দিনাজপুর থেকে আসা আবু বকর সিদ্দিকসহ তিনজনকে দেখালে তাঁরা ছবির লোকজনকে তাঁদের আত্মীয় বলে নিশ্চিত করেন। এ ছাড়া কয়েক দিন আগে শিরিনা আক্তার তাঁর বাবাকে যে নম্বর থেকে ফোন করেছিলেন, সেই ফোনের অবস্থান এখানকার (নাসিরপুর এলাকার)। এ থেকে নিশ্চিত হওয়া গেছে, নিহত সাতজনের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে।