নৌকার প্রার্থীর ১০ সমর্থকের খড়ের গাদায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর অন্তত ১০ সমর্থকের বাড়িতে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া বিভিন্ন স্থানে তাঁর পোস্টার ছিঁড়ে আগুন দেওয়া হয়। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ইউনিয়নের বিহিগ্রামের কুমারপাড়া ও বড়পুকুরপাড়ার মোকছেদ আলী, নজরুল ইসলাম, মাহবুল হক, সেকেন্দার আলী, জুয়েল রানা, ইউনুছ ইসলাম, আবদুল মালেক, আবদুস সাত্তার, মোসলেম উদ্দীন ও শেফালী বেগমের বাড়িতে খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। তাঁরা সবাই এ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হকের সমর্থক। দুর্বৃত্তরা সবগুলো বাড়িতে ঢুকে প্রথমে বাইরে থেকে দরজা আটকে দেয়। এরপর খড়ের ১৬টি গাদা ও ধানমাড়াই মেশিন-ঘরে আগুন দেয়। এতে স্তূপ করে রাখা প্রায় ২০০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। একই রাতে এলাকার বিভিন্ন স্থানে প্রার্থী শামসুলের নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
প্রার্থী শামসুল হক বলেন, এ ছাড়া তাঁর কর্মীদের নানাভাবে হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।
আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাল ২৮ মে শনিবার চাঁপাপুরসহ আদমদীঘি উপজেলার ছয়টি ইউপিতে ভোট হবে।