নৌকাসহ পোনা মাছ জব্দ, ৪৬ জেলে-ব্যবসায়ীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদসংলগ্ন রূহিতার খাল থেকে গত শুক্রবার রাতে মাছ ধরার ১৩টি নৌকা-ট্রলারসহ ১০০ মণ পোনা মাছ জব্দ করেছে পুলিশ। এ সময় ৫০ জন জেলে-ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের মধ্য থেকে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত ৪৬ জনকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
গতকাল বেলা একটার দিকে উপজেলা ভূমি কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, হাঁকডাক শুনে তাঁরা ঘটনাস্থলে যান। তখন পুলিশ তাঁদের সন্দেহের বশে আটক করে। তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক ও চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রমজান মিয়া প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে রূহিতার খাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ মণ পোনা মাছ জব্দসহ ৫০ জেলে-ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত ১৩টি নৌকা-ট্রলার ও ৮০০ মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়। আর পোনা মাছ নষ্ট করা হয়। আটক জেলে ও ব্যবসায়ীদের ওই রাতে পাথরঘাটা থানার অভ্যর্থনাকক্ষে রাখা হয়। গতকাল শনিবার তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত ৪৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। অপর চারজনের মধ্যে দুজন শিশু ও দুজন অসুস্থ ব্যক্তি থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর জব্দ করা ১৩টি নৌকা-ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে।
গতকাল বেলা দেড়টার দিকে পাথরঘাটা থানায় গিয়ে দেখা যায়, পাঁচটি টমটমে করে সাজা পাওয়া ব্যক্তিদের বরগুনা কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। এ সময় কথা হয় বাচ্চু মিয়া ও শাহ আলম নামের দুজন মৎস্য ব্যবসায়ীর সঙ্গে। তাঁরা বলেন, তাঁরা এই এলাকা থেকে মাছ কেনেন। কিন্তু গতকাল রাতে হাঁকডাক শুনে রাস্তায় উঠে এলে পুলিশ তাঁদের আটক করে। একই টমটমে থাকা মো. কবির নামে এক যুবক বলেন, ‘আমি জেলেও নই, মৎস্য ব্যবসায়ীও নই। ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশ আমাকে আটক করেছে।’
এসব কথা শেষ না হতেই পুলিশের বাঁশি বেজে ওঠে। আসামিদের বহনকারী টমটম বরগুনার উদ্দেশে যাত্রা করে। এ দৃশ্য দেখে বাদশা মিয়া নামের এক ব্যক্তির মেয়ে নাজমা বেগম বিলাপ করতে করতে থানার প্রধান ফটকের সামনে মূর্ছা যান। এ সময় তাঁর কয়েকজন স্বজন বলেন, বাদশা মিয়া জব্দ করা একটি ট্রলারের মালিক। সেই ট্রলারটির মালিকের খোঁজ করা হচ্ছিল শুনে তিনি ঘর থেকে বের হন। আর তখনই পুলিশ তাঁকে আটক করে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ওসি জিয়াউল হক বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন মাছের পাইকার আছেন, যাঁরা এসব মাছ কেনা-বেচার সঙ্গে জড়িত। তাঁদেরও আমরা আটক করেছি। তাঁরা কেউ নিরপরাধ নন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘দেখুন, অভিযানটা হয়েছে রাত দুইটা-আড়াইটার দিকে। ওই সময় কেউ কি হাঁকডাক শুনে নদীর পাড়ে আসে? এগুলো সব ভিত্তিহীন কথাবার্তা।’