নৌকায় ভোট দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকা মার্কায় ভোট দেওয়ায় যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে (ইউপি) জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে মঙ্গলকোট বাজারের ব্যবসায়ীদের হুমকি ও দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার ওই বাজারের অন্তত ছয়টি দোকান জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। হুমকির কারণে বাজারের আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কেউ এলাকাছাড়া হয়েছেন। অনেকে আতঙ্কিত জীবন যাপন করছেন।
ব্যবসায়ীরা বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন জয়লাভ করার পর তাঁর সমর্থকেরা কেশবপুরের বাণিজ্যিক বাজারখ্যাত মঙ্গলকোটে রোববার সকাল ও বিকেলে নৌকা মার্কার সমর্থক ব্যবসায়ীদের দোকানে গিয়ে চড়াও হন। রোববার প্রভাষ বিশ্বাসের ব্যবসাপ্রতিষ্ঠান রনি বস্ত্রালয়, গফুর বিশ্বাসের ওষুধের দোকান, মনিরুল আলমের মেসার্স আলম মেডিকেল, রফিকুল ইসলামের ধান ও পাটের আড়ত, সমিত রায়ের ইলেকট্রনিকসের মেরামতের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আশুতোষ হালদারের পিতৃদান বাণিজ্য ভান্ডার গত বৃহস্পতিবার ভেঙে ফেলার পর থেকে তিনি এলাকাছাড়া রয়েছেন।
মেসার্স আলম মেডিকেলের মালিক মনিরুল ইসলাম বলেন, রোববার বিকেলে দোকানের সামনে মনোয়ার হোসেনের ৩০ থেকে ৪০ জন সমর্থক এসে বলেন, ‘তুই নৌকা করেছিস, দোকান বন্ধ কর।’ বন্ধ করতে দেরি হওয়ায় তাঁকে কান ধরে বের হতে বলা হয়। পরিবেশ ভালো না হলে তিনি আর দোকান খুলবেন না।
ইলেকট্রনিকস মেকানিক সমিত রায় বলেন, ‘বিকেলে ৩০ থেকে ৪০ জন দোকানের সামনে এসে বলে, “তুই নৌকা করেছিস, দোকান বন্ধ কর। পাঁচ বছর আর দোকানদারি করবি না।” এরপর আর দোকান খুলিনি।’
পিতৃদান বাণিজ্য ভান্ডারের মালিক আশুতোষ হালদার বলেন, ‘২০০১ সালে নির্বাচনের পরে জোট সরকার আসলে নৌকা করার অপরাধে আমার দোকান ভেঙে মালামাল লুট করে পুড়িয়ে দেওয়া হয়। এবার নৌকা সমর্থন করায় আবারও দোকান ভেঙে দেওয়া হয়েছে। এখন পালিয়ে রয়েছি। দোকান বন্ধ রয়েছে।’
গতকাল সোমবার সরেজমিনে বাজারের অনেক দোকান বন্ধ দেখা যায়। বাজারে ছিল সুনসান নীরবতা। অনেকে বলেন, সবার মধ্যে ভয় কাজ করছে। তাই কেউ দোকান খুলতে সাহস পাচ্ছেন না। মঙ্গলকোট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পরিতোষ সরকার বলেন, ‘এ ব্যাপারে আমরা কী করব, তা নিয়ে চিন্তা করছি।’
এ ব্যাপারে কথা বলার জন্য নবনির্বাচিত চেয়ারম্যান মনোয়ার হোসেনের মুঠোফোনে গতকাল কয়েকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, কেউ এ ব্যাপারে জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।