নৌকায় মিলল ২০ হাজার ইয়াবা বড়ি
নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত রোববার রাতে নাফ নদীসংলগ্ন কায়ুকখালীয়া খালে ওই নৌকায় তল্লাশি চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে টেকনাফ সদর সীমান্তচৌকির বিজিবি সদস্যরা স্পিডবোটে করে রোববার রাতে নাফ নদীতে বাংলাদেশ জলসীমানায় টহল দিচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে একটি নৌকা বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা অতিক্রম করে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া খালসংলগ্ন এলাকার কাছাকাছি পৌঁছায়। সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা ওই নৌকাটিকে থামার সংকেত দেন। কিন্তু নৌকাটি পালানোর চেষ্টা চালায়। পরে বিজিবির স্পিডবোট ওই নৌকাটিকে ধাওয়া দেয়। এ সময় নৌকা থেকে দুজন পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।