নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নৌপথে চাঁদাবাজির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বৌলাই নদী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন উপজেলার জামালগঞ্জ ইউনিয়নের উজান লালপুর গ্রামের শুকুর আলী (৩৮), বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের জামাল মিয়া (৪০), একই গ্রামের আশিক মিয়া (৩৫) ও এরশাদ মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেহেলী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া বৌলাই ও রাঙ্গিয়া নদীতে কয়লা ও বালু-পাথর বোঝাই নৌযান থেকে চাঁদা আদায় করে একটি চক্র। তাহিরপুর উপজেলার বড়ছড়া-চারাগাঁও শুল্ক স্টেশন থেকে কয়লা এবং ফাজিলপুর বালু-পাথরমহাল থেকে বালু ও পাথর নিয়ে এসব নৌযান জামালগঞ্জ হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে একইভাবে চাঁদা তোলা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নৌযান থেকে চাঁদা নেওয়ার অভিযোগে পুলিশ উল্লিখিত চারজনকে গ্রেপ্তার করে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ওই চার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জামালগঞ্জ উপজেলার নৌপথে চাঁদাবাজির সঙ্গে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।