নৌযানে চাঁদাবাজির সময় টাকাসহ তিনজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে বিভিন্ন নৌযান থামিয়ে চাঁদাবাজি করার সময় ছাত্রলীগের তিন কর্মীকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
এই তিনজন হলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ গ্রামের লিয়ন মিয়া, ঝাউচর গ্রামের আলী আকবর ও একই গ্রামের শাওন হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযান থামিয়ে চাঁদা আদায় করছিলেন ছাত্রলীগের তিন কর্মী। এ সময় নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। আটক করেন চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি ট্রলারও। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে চাঁদার ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) রবিউল হক বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে নৌযানে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁরা টাকা না পেলে নৌযানের চালক ও শ্রমিকদের পিটিয়ে আহত করতেন। এর প্রতিবাদে নৌযান মালিকেরা মার্চ মাসে ধর্মঘটও পালন করেন।’
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহামুদের দাবি, গ্রেপ্তার তিনজন একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী থাকলেও বর্তমানে সংগঠনের সঙ্গে যুক্ত নন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, গ্রেপ্তার তিনজনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপপরিদর্শক রবিউল হক। আজ শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হবে।