নৈশপ্রহরী খুন, আরও দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় গত শনিবার রাতে এক নৈশপ্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল রোববার সরিষাখেত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন পাবনার ঈশ্বরদী উপজেলায় আখখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
কালাইয়ে নিহত ব্যক্তির নাম শাহিনুর রহমান (৪৬)। তাঁর বাড়ি ইন্দাহার গ্রামে। দুপচাঁচিয়ায় উদ্ধার করা লাশটি রোকেয়া বেগম (৬০) নামের এক নারীর। তিনি ধাপ সুলতানগঞ্জ উত্তরপাড়া এলাকার বাসিন্দা। ঈশ্বরদীতে উদ্ধার করা লাশটির পরিচয় পাওয়া যায়নি।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: কালাই থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহিনুর রহমান ও মাত্রাই গ্রামের আবদুল হামিদ শনিবার রাতে মাত্রাই গ্রামের মুন্নাপাড়া মাঠে বিদ্যুচ্চালিত গভীর নলকূপের জন্য তৈরি করা ঘরে পাহারা দিচ্ছিলেন। রাতে নলকূপের কাছেই একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগানো মিটার চুরি করার সময় ওই দুই নৈশপ্রহরী বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে শাহিনুর রহমানকে হত্যা করে। আবদুল হামিদকে লাঠিপেটা করে আহত করা হয়। গতকাল সকালে পুলিশ তাঁদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত শাহিনুর রহমানের ছোট ভাই তাজুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন। গতকাল রোববার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দুপচাঁচিয়া (বগুড়া): স্থানীয় ব্যক্তিরা বলেন, রোকেয়া বেগমের বড় ছেলে ইউনুছ আলী ও ছোট ছেলে ইয়াকুব আলী দুজনের বাসায় থাকতেন। তিনি গত বৃহস্পতিবার জমি ও একটি গরু বিক্রি করেন। এরপর গত শুক্রবার সন্ধ্যার পর থেকে বড় ছেলের বাড়ি থেকে নিখোঁজ হন। গতকাল দুপুরে ধাপসুলতানগঞ্জের উত্তরে একটি সরিষাখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বড় ছেলে ইউনুছ আলী বলেন, তাঁর মা শুক্রবার রাত থেকে বাড়িতে নেই। পরে আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নিতে শুরু করেন। জমি ও গরু বিক্রির টাকার ব্যাপারে তিনি কিছু জানেন না।
ছোট ছেলে ইয়াকুব আলী বলেন, মা তাঁর বাড়িতে আসেননি।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্তে হত্যার আলামত পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত ব্যক্তির দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঈশ্বরদী (পাবনা): এলাকাবাসী জানান, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুরের চরে কাজ করতে গিয়ে দুপুরে একদল কৃষক আখখেতের ভেতরে লাশ দেখতে পেয়ে ঈশ্বরদী থানায় খবর দেন। পুলিশ রাত সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, লাশের পাশে কয়েকটি শাড়ি, একটি ছোট বালতি ও কিছু টাকা পড়ে থাকতে দেখা গেছে। লাশের মুখ ও মাথার চুল দেখে তাঁদের ধারণা, এটি নারীর লাশ। লাশের মুখ দেখে চেনা যাচ্ছিল না। কে বা কারা খুন করে লাশটি এখানে ফেলে রেখে গেছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) রমজান আলী বলেন, তাঁর ধারণা, লাশটি ১০ থেকে ১২ দিন আগের। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।