নৈশপ্রহরী বের করে দিলেন শিক্ষককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রশিক্ষণকক্ষ থেকে এক শিক্ষককে বের করে দিলেন রিসোর্স সেন্টারের নৈশপ্রহরী। তাঁর এহেন কাজের প্রতিবাদে প্রশিক্ষণ ছেড়ে এসে বিক্ষোভ করেন শিক্ষকেরা। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অভিযোগকারী শিক্ষক ও বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চলছে। উপজেলা রিসোর্স সেন্টার এসব প্রশিক্ষণ সমন্বয় করে থাকে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে গণিত বিষয়ে প্রশিক্ষণ। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী শিক্ষকেরা এসব প্রশিক্ষণে অংশ নেন। এদিন ধানগড়া ইউনিয়নের বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান প্রশিক্ষণের জন্য ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণকক্ষে আসেন।
নাম নিবন্ধন শেষে প্রশিক্ষণ শুরু হওয়ার পরে উপজেলা রিসোর্স সেন্টারের নৈশপ্রহরী সাজেদুল ইসলাম সেখানে এসে তাঁকে বের করে দেন। এ সময় অন্য শিক্ষকেরা প্রতিবাদে প্রশিক্ষণ ছেড়ে চলে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি অংশগ্রহণকারী সবাইকে নিয়ে প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার কথা বলেন এবং শিক্ষকের সঙ্গে অসদাচরণের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে অভিযুক্ত নৈশপ্রহরী সাজেদুল ইসলাম বলেন, ‘একই শিক্ষক সব প্রশিক্ষণ নিচ্ছেন অন্য কাউকে সুযোগ দিচ্ছেন না—এমন অভিযোগ আসায় আমি ওই শিক্ষককে চলে যেতে বলেছি।’
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান গতকাল বুধবার এ বিষয়ে বলেন, ‘কার কাজ কে করছে, বোঝা মুশকিল। আমরা সিদ্ধান্ত দেওয়ার পরে যদি নৈশপ্রহরী সেটা বদলে দিতে চায়, তাহলে আমরা কী করব?’
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আবদুর রহমান প্রশিক্ষণে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।