খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের এক নৈশপ্রহরীর বাসায় ঢুকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ আহত নৈশপ্রহরী ধন বিকাশ ত্রিপুরাকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করেছে।
গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে ধন বিকাশ ত্রিপুরা সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ চার-পাঁচজন লোক তাঁর বাসায় ঢুকে হামলা করে। চঞ্চুমনি তাঁকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে কাঠের টুকরো নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। অন্যরাও তাঁকে মারধর করেন। মারধর করতে করতে তাঁকে উপজেলা পরিষদ মাঠে নিয়ে এলে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেয়। তবে কেন তাঁকে মারধর করা হয়েছে, এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, পুলিশ ধন বিকাশ ত্রিপুরাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কেন তাঁকে মেরেছি এই ব্যাপারে ধন বিকাশ ত্রিপুরাকে জিজ্ঞেস করেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মীর মোশারফ হোসেন বলেন, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করায় ধন বিকাশের শরীরের বিভিন্ন স্থান থেঁতলে গেছে।