মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরীকে মুঠোফোন চুরির অভিযোগে এক পুলিশ সদস্য গত শুক্রবার মারধর করেছেন। এই ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারীরা গতকাল শনিবার সকালে প্রায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে জুড়ী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় নিহত আবদুল হাই নামের এক ব্যক্তিকে নিয়ে পরিবারের সদস্যরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমদ সেখানে গিয়ে লাশ হস্তান্তর নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ওসির মুঠোফোন হারিয়ে যায়। এ সময় ওসির সঙ্গে থাকা পুলিশ সদস্য শামীম উত্তেজিত হয়ে চোর সন্দেহে সেখানে থাকা নৈশপ্রহরী রফিক আলীকে কিল-ঘুষি মারেন। পরে ওসি কর্তব্যরত চিকিৎসকের কাছে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে লাশ নিয়ে চলে যান।
নৈশপ্রহরীকে মারধর করার প্রতিবাদে এবং এই ঘটনার বিচারের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করেন। পরে মৌলভীবাজারের সিভিল সার্জন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস পেয়ে তাঁরা বেলা ১১টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে জুড়ী থানার ওসি জালাল উদ্দিন আহমদ বলেন, ‘হাসপাতালের আরএমওর টেবিলে মোবাইল ফোনটি রেখে একটু বাইরে যাই। ফিরে এসে আর সেটি পাইনি। এ নিয়ে কনস্টেবল শামীমের সঙ্গে হাসপাতালের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমি তাৎক্ষণিক সবার কাছে দুঃখ প্রকাশ করেছি।’ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।