নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি মোটরসাইকেল নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের মুন্সিপাড়ায় গত মঙ্গলবার দিবাগত রাতে নৈশপ্রহরীকে খুন করে তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই রাতে শহরের কলেজ রোডের খামার এলাকায় রংপুর কোতোয়ালি থানার সাবেক ওসির বাড়ির লোহার বড় দরজা কেটে আরও একটি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নগরের বিভিন্ন স্থানে প্রতিদিন আইনশৃঙ্খলাবিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অব্যাহত থাকার পরও খুন করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। গত ২৫ আগস্ট প্রথম আলোয় ‘দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারীরা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর পুলিশ ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা হচ্ছে।
পুলিশ ও বাড়ির মালিক জানান, শহরের মুন্সিপাড়ায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ব্যবসায়ী নাসিরুল ইসলামের বাড়ির লোহার গেট কেটে নৈশপ্রহরী জাবেদ আলীকে (৬০) শ্বাসরোধে হত্যা করে ওই বাড়ির তিনটি মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা। বাড়ির নিচতলায় গ্যারেজে একসঙ্গে সাতটি মোটরসাইকেল ছিল।
নাসিরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের নৈশপ্রহরী চিনতে পারার কারণে হয়তোবা তাঁকে হত্যা করা হয়েছে।
একই রাতে শহরের কলেজ রোডে খামার এলাকায় রংপুর কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে দিনাজপুর সদর থানার ওসি আলতাফ হোসেনের বাড়ির লোহার গেট কেটে তাঁর ছেলের একটি দামি মোটরসাইকেল চুরি হয়েছে।
আলতাফ হোসেন বলেন, এত বড় একটি লোহার গেট কেটে ফেলা মানে একটি বিরাট সংঘবদ্ধ চক্রের কাজ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, চুরির উদ্দেশ্যে এসে খুন করেছে। এ ঘটনায় বাড়ির মালিক নাসিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। এই সংঘবদ্ধ চক্রকে খুঁজে বের করতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে।