নৈশপ্রহরীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গত রোববার রাতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক নৈশপ্রহরীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রফিকুল উপজেলার বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া গ্রামের বাসিন্দা ও হরিপাড়া উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।
এ ঘটনায় রফিকুলের ছোট ভাই মো. রোস্তম আলী বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. মামুন (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। মামুন উপজেলার পালশা ইউনিয়নের আমড়া গ্রামের বাসিন্দা।
রোস্তম আলী বলেন, হরিপাড়া হাটের রবিউল ইসলাম নামের এক চা-দোকানি তাঁকে জানিয়েছেন, মামুন ও তাঁর (মামুন) ছোট ভাই মাসুদসহ রফিকুল রোববার রাত সাড়ে সাতটার দিকে তাঁর চায়ের দোকানে চা পান করেন। এরপর মামুন তাঁর ওষুধ কেনার কথা বলে রফিকুলকে তাঁর মোটরসাইকেলসহ রানীগঞ্জ বাজারে নিয়ে যান। ঘণ্টা খানেক পর মামুন পুনরায় একা রবিউলের চায়ের দোকানে আসেন। রবিউল কিছুক্ষণ পর মামুনের কাছে রফিকুল কোথায় জানতে চান। মামুন তখন রবিউলকে বলেন, রানীগঞ্জ থেকে ফেরার পথে বুলাকিপুর ইউনিয়নের কলাবাড়ী-হরিপাড়ার মাঝখানে একটি পুলিশ বক্সের কাছে একদল ছিনতাইকারী সড়কে রশি টানিয়ে তাঁদের পথ রোধ করে রফিকুলকে বেঁধে ফেলে। মামুন কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর বাজারের লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে একটি ভুট্টাখেত থেকে রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন।
রোস্তম আলী দাবি করেন, মামুনসহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেল ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে রফিকুলকে হত্যা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামুনসহ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। আটকের পর মামুন পুলিশকে বলেছিলেন, ছিনতাইকারীরা তাঁরও হাত বেঁধেছিল। এরপর তিনি পালিয়ে রঘুনাথপুর দিঘিপাড়ার খাড়া হেমব্রমের বাসায় গেলে তিনি (খাড়া হেমব্রম) তাঁর হাতের বাঁধন খুলে দেন। গতকাল সকালে মামুনকে ওই বাসায় নিয়ে যাওয়া হলে খাড়া হেমব্রম পুলিশকে বলেন, রোববার রাতে তাঁদের বাড়িতে কেউ আসেননি। তিনি আরও বলেন, রফিকুলের মাথার ডান দিকে থেঁতলানো ও গলায় রশি পেঁচানোর দাগ ছিল।