নৈশপ্রহরীর বেতন নিয়ে দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সরাইল বৈকাল বাজারের নৈশপ্রহরীর মাসিক বেতনের টাকা আদায় নিয়ে আজ বুধবার দুপুরে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মহরম আলী ও বাবুল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা শহরের বৈকাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মহরম আলী (৬০)। একই গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (৩০) বৈকাল বাজারের একজন ব্যবসায়ী। বাজারের নৈশপ্রহরীর মাসিক বেতনের টাকা আদায় নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে মহরম আলীর সঙ্গে বাবুল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মহরম আলী বাবুল মিয়াকে মৃদু ভর্ৎসনা করেন। এর জের ধরে আজ সকাল থেকেই উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলতে থাকে। বেলা একটার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারের দুই শতাধিক দোকান বন্ধ হয়ে যায়। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে আধা ঘণ্টা পর বাজারের পরিস্থিতি শান্ত করেন। এখানে সংঘর্ষ থামাতে গেলে সৈয়দটুলা গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া (৪৫) গুরুতর আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তাড়া খেয়ে উভয় পক্ষের লোকজন বাজার এলাকা ছেড়ে স্বল্প সময়ের মধ্যে সৈয়দটুলা গ্রামে গিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা, বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে মহরম আলীর ছোট ভাই বাবুল মিয়া (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (২৫), আবদুল্লাহসহ ১৫ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত অন্যদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তার এড়াতে আহত ব্যক্তিরা অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।