নোংরা পরিবেশে গুড় তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মালভবানীপুর গ্রামে নোংরা পরিবেশে আখমাড়াইয়ের পর আখের রস জ্বাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মালভবানীপুর গ্রামে নোংরা পরিবেশে আখমাড়াইয়ের পর আখের রস জ্বাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে আখ মাড়াই করে গুড় তৈরি করা হচ্ছে। এতে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে। পাশাপাশি স্থানীয় চিকিকল আখচাষিদের দেওয়া ঋণের টাকা আদায় এবং আখ কেনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
জয়পুরহাট চিনিকলের অধীন নবাবগঞ্জের আফতাবগঞ্জ সাব-জোনের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা এনামুল হক জানান, নবাবগঞ্জের বামনগড়, পাঠানগঞ্জ, রাঘোবৃন্দপুরসহ কয়েকটি গ্রামে ৩২টি আখমাড়াই যন্ত্র দিয়ে আখ মাড়াই করে গুড় তৈরি করা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেবীপুর, মালভবানীপুর, পারভবানীপুর, কচুয়া গ্রামে দেখা গেছে, খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে আখ মাড়াই করে রস সংগ্রহ করা হচ্ছে। এরপর সেখানে মাটির চুলায় টিনের কড়াইয়ে ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আখমাড়াইকারী জানান, বর্তমানে আখের দাম না বাড়ানোর কারণে আখ চাষ করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য অনেকেই আখ চাষ করেন না। যাঁরা বাধ্য হয়ে আখ চাষ করছেন, তাঁরা আখ বিক্রি করতে গেলে আখ ক্রয়কেন্দ্রে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। কর্মকর্তারা আখচাষিদের সময়মতো টাকা দেন না এবং ওজনে কম দেখান। ফলে চাষিরা ক্রয়কেন্দ্রে আখ বিক্রি করতে চান না। তাই বাধ্য হয়ে কয়েকজন আখচাষি আখ মাড়াই করে গুড় তৈরি করে বিক্রি করছেন।
জয়পুরহাট চিনিকলের আখ ক্রয় শাখার বিরামপুরের চরকাই ও ফুলবাড়ী সাব-জোন কার্যালয় সূত্রে জানা গেছে, চরকাই জোনের (এলাকা) অধীনে আখচাষিদের সাত লাখ ৭৭ হাজার টাকা এবং ফুলবাড়ী জোনের অধীনে প্রায় ১৪ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।
চরকাই ও ফুলবাড়ী সাব-জোন কার্যালয়ের উপব্যবস্থাপক মকবুল হোসেন জানান, গত ১ জুলাই জারি করা সরকারি প্রজ্ঞাপনে ১ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত আখ মাড়াই করে গুড় তৈরি নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য নবাবগঞ্জের ৩২টি অবৈধ আখমাড়াই যন্ত্র জব্দ করে গুড় তৈরি বন্ধের জন্য দিনাজপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে প্রত্যেক আখমাড়াইকারীকে নোটিশ করা হয়েছে।