নরসিংদী শহরের প্রধান সড়কের হেমেন্দ্র সাহার মোড়ে চত্বর নির্মাণের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সড়কটি তুলনামূলক সরু হওয়ায় চত্বর নির্মাণে পাশের দুটি বাণিজ্যিক ভবনের একাংশ ভেঙে ফেলা হচ্ছে। তবে কোনো নোটিশ না দিয়েই ভবন ভাঙার কাজ চলছে বলে মালিকেরা অভিযোগ করেছেন।
পৌরসভা সূত্র জানায়, শহরের প্রধান সড়কে যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধনে পৌর কর্তৃপক্ষ বিভিন্ন মোড়ে চত্বর বানিয়ে ভাস্কর্য নির্মাণ করছে। তবে এই মোড়ে চত্বর করা হলে জনদুর্ভোগ বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এই অবস্থায় ভাস্কর্য নির্মাণ করতে সড়কের পাশে ইসলাম প্লাজাসহ দুটি বাণিজ্যিক ভবনের একাংশ ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু এ কাজে কোনো সতর্কতা নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভবনের মালিক ও ব্যবসায়ীরা।
ইসলাম প্লাজার মালিক সাইফুল ইসলাম বলেন, ‘কোনো নোটিশ ছাড়াই আমার মার্কেট ভাঙা হচ্ছে।’
অপর ভবনের মালিক মনির হোসেন জানান, ভবন ভাঙার বিষয়ে তিনি পৌরসভা থেকে কোনো নোটিশ পাননি।